কার্ডিওলজি
ক্যান্সারবিজ্ঞান
গ্যাস্ট্রো
ডার্মাটোলজি
নিউরোলজি
শারদ স্বীকৃতি
শিশুরোগ
স্ত্রীরোগ
হেমাটোলজি
হেলথ টিপস
কিডনিতে পাথর হওয়ার লক্ষণ কী? কারণ, পরীক্ষা ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন I
কিডনির অন্যতম পরিচিত সমস্যা হল কিডনিতে পাথর| বর্তমানে অনিয়মিত জীবনযাপন, পর্যাপ্ত জল পান না করা এবং খাদ্যাভ্যাসের কারণে এই সমস্যা দেখা যায়। অনেক সময় কিডনিতে পাথর তৈরি হলেও প্রথমদিকে কোনও লক্ষণ প্রকাশ পায় না কিন্তু পাথরটি আকারে বড় হলে বা মূত্রনালিতে বাধা সৃষ্টি করলে তীব্র ব্যথা দেখা দিতে পারে। তাই কিডনিতে পাথর হওয়ার লক্ষণ ( Formation of a mixture in the kidneys) সম্পর্কে সচেতন থাকা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
কিডনিতে পাথর কীভাবে তৈরি হয়?
কিডনি আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে। প্রস্রাবে ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিডের মতো কিছু খনিজ ও লবণের পরিমাণ বেড়ে গেলে সেগুলি জমে ছোট ছোট স্ফটিক তৈরি করতে পারে। সময়ের সঙ্গে এই স্ফটিকগুলি একত্রিত হয়ে শক্ত পাথরের আকার ধারণ করে।
কিডনিতে পাথর হওয়ার লক্ষণ কী কী? ( What causes kidney stones to form?)
১ কিডনিতে পাথর হলে কোমরের একপাশে বা পিঠের নিচের দিকে হঠাৎ তীব্র ব্যথা শুরু হতে পারে। এই ব্যথা তলপেট ও কুঁচকির দিকেও ছড়িয়ে পড়তে পারে।
২. প্রস্রাব করার সময় জ্বালা, অস্বস্তি বা ব্যথা অনুভূত হতে পারে।
৩. প্রস্রাবের রং লালচে বা বাদামি হয়ে যেতে পারে। অনেক সময় রক্ত দেখা না গেলেও পরীক্ষায় রক্তের উপস্থিতি ধরা পড়ে।
৪. অল্প অল্প করে বারবার প্রস্রাব হওয়া অথবা হঠাৎ প্রস্রাবের চাপ অনুভব করাও কিডনি স্টোনের লক্ষণ হতে পারে।
৫. তীব্র ব্যথার সঙ্গে অনেকের বমি বমি ভাব বা বমি হতে পারে।
৬. কিডনিতে পাথরের পাশাপাশি সংক্রমণ হলে জ্বর ও কাঁপুনি দেখা দিতে পারে। এটি একটি গুরুতর লক্ষণ, যার জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন।
কিডনিতে পাথর হওয়ার কারণ কী? ( What causes kidney stones?)
বিভিন্ন কারণে কিডনিতে পাথর তৈরি হতে পারে। উল্লেখযোগ্য কারণগুলি হল:
- পর্যাপ্ত জল পান না করা: শরীরে জলের অভাব হলে প্রস্রাব ঘন হয়ে যায় এবং খনিজ পদার্থ জমে পাথর তৈরির ঝুঁকি বাড়ে।
- অতিরিক্ত লবণ খাওয়া: খাবারে বেশি লবণ থাকলে প্রস্রাবে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে।
- অতিরিক্ত প্রাণিজ প্রোটিন গ্রহণ: অতিরিক্ত মাংস বা প্রাণিজ প্রোটিন খাওয়ার ফলে কিছু ধরনের পাথর তৈরির ঝুঁকি বাড়তে পারে।
- পারিবারিক ইতিহাস: পরিবারের কারও কিডনিতে পাথর হওয়ার ইতিহাস থাকলে ঝুঁকি বেশি হতে পারে।
- কিছু শারীরিক সমস্যা: স্থূলতা, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, কিছু বিপাকীয় সমস্যা এবং নির্দিষ্ট অন্ত্রের রোগ কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে।
কিডনিতে পাথর হলে কোন কোন পরীক্ষা করা হয়?
সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য চিকিৎসক রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থা বিবেচনা করে কয়েকটি পরীক্ষা করতে পারেন।
১. USG Whole Abdomen: আলট্রাসাউন্ডের মাধ্যমে কিডনিতে পাথরের উপস্থিতি, আকার এবং কিডনিতে প্রস্রাব জমে ফুলে যাওয়ার মতো সমস্যা বোঝা যায়।
২. NCCT KUB: কিডনি, ইউরেটার ও ব্লাডারের পাথর শনাক্ত করার জন্য এই পরীক্ষা অত্যন্ত কার্যকর। পাথরের অবস্থান, আকার ও সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।
৩. Urine Routine Examination: প্রস্রাবে রক্ত, সংক্রমণ বা স্ফটিকের উপস্থিতি বোঝার জন্য এই পরীক্ষা করা হয়।
৪. Blood Test: রক্তে ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানের মাত্রা পরীক্ষা করে কিডনির কার্যকারিতা ও পাথর তৈরির সম্ভাব্য কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়।
কিডনিতে পাথর হলে করণীয় কী?(What should be done if you have kidney stones?)
কিডনিতে পাথর হলে করণীয় নির্ভর করে পাথরের আকার, অবস্থান এবং রোগীর শারীরিক অবস্থার উপর। কিছু ছোট পাথর পর্যাপ্ত তরল গ্রহণ ও চিকিৎসকের পরামর্শে নিজে থেকেই প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যেতে পারে। তবে সব পাথরের ক্ষেত্রে একই চিকিৎসা কার্যকর নয়।
চিকিৎসার কয়েকটি পদ্ধতি হল:
- ওষুধের মাধ্যমে চিকিৎসা: ব্যথা নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পাথর বেরিয়ে আসতে সাহায্য করার জন্য চিকিৎসক ওষুধ দিতে পারেন।
- ESWL: শক ওয়েভের সাহায্যে পাথরকে ছোট ছোট টুকরোয় ভেঙে দেওয়া হয়, যাতে সেগুলি প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসতে পারে।
- URS বা Ureteroscopy: একটি বিশেষ যন্ত্রের সাহায্যে মূত্রনালির ভিতর দিয়ে গিয়ে পাথর বের করা বা ভেঙে দেওয়া হয়।
- PCNL: বড় আকারের বা জটিল কিডনি স্টোন অপসারণের জন্য ছোট ছিদ্রের মাধ্যমে বিশেষ যন্ত্র ব্যবহার করে এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়।
কিডনিতে পাথর প্রতিরোধ করবেন কীভাবে?
কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমাতে প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন। খাবারে অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন, সুষম খাদ্য গ্রহণ করুন এবং নিয়মিত শারীরিক পরিশ্রম করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যালসিয়াম বা ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না। আগে কিডনিতে পাথর হয়ে থাকলে পাথরের ধরন অনুযায়ী খাদ্যাভ্যাস ও প্রতিরোধের পরিকল্পনা তৈরি করা প্রয়োজন।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
কোমরে অসহ্য ব্যথা, প্রস্রাবে রক্ত, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, জ্বর বা কাঁপুনির মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যান। বিশেষ করে জ্বরের সঙ্গে কিডনিতে পাথর থাকলে জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে।
কিডনিতে পাথর একটি পরিচিত সমস্যা হলেও অবহেলা করলে তা কিডনির উপর প্রভাব ফেলতে পারে। তাই উপসর্গ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে সঠিক পরীক্ষা করান এবং চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।
সম্পর্কিত পোস্ট সব দেখুন
লেটেস্ট পোস্ট
Notifications
-
শীতের সকালে শিশুকে স্নান করানো কি ঠিক? নবজাতকের যত্ন ও হাইজিন গাইডNov 21, 12:45 NEW